Image description

শহীদ আবু সাঈদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের পাশে মানবিক সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে রংপুরে যান মানবিক চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ডা. এস এম খালিদুজ্জামান। তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। 

রাষ্ট্রীয়ভাবে পালিত ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে তারা শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। কবরের পাশে দাঁড়িয়ে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা। পরে তাঁরা শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান।

সফরের এক আবেগঘন মুহূর্তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শহীদ আবু সাঈদের মায়ের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন ডা. এস এম খালিদুজ্জামান। একই সঙ্গে শহীদের স্মৃতিকে সংরক্ষণ, তাঁর আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং মানবিক কার্যক্রমকে এগিয়ে নিতে ‘শহীদ আবু সাঈদ স্মৃতি ফাউন্ডেশন’-এর জন্যও আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

পরে স্থানীয় এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ডা. এস এম খালিদুজ্জামান এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

ডাঃ খালিদুজ্জামান বলেন, আজকে শহীদ আবু সাঈদের ২য় মৃত্যুবার্ষিকী। শহীদ আবু সাঈদ নিজের জীবন বিলিয়ে দিয়ে এই জেনারেশনকে দেখিয়ে দিয়ে গেছে কিভাবে দেশ ও জাতির জন্য জীবন বিলিয়ে দিতে হয়। 

তিনি বলেন, শহীদ আবু সাঈদ শুধুমাত্র একটি নাম নয়; এটি একটি জাতির আত্মমর্যাদা, সাহস ও প্রতিবাদের ইতিহাস। তাঁর বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা দৃঢ়চেতা অবস্থান অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের এক অনন্য প্রতীক হয়ে থাকবে। বাংলাদেশের ইতিহাসে তার এই আত্মত্যাগ কখনো মুছে যবে না; শহীদ আবু সাঈদ শত শত বছর ধরে জীবিত থাকবে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করছি জুলাই স্মৃতি জাদুঘরের কর্মকর্তা কর্মচারীদের বেতন দেয়া হচ্ছে না, জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত করা হচ্ছে না, জুলাই স্মৃতি জাদুঘরে কি রক্ষনাবেক্ষন করা হচ্ছে, কি সংরক্ষন করা হচ্ছে তা নিয়ে সন্দেহ সংসয় দেখা দিচ্ছে।

জুলাই শহীদ দিবসে এই সফর স্থানীয় মানুষের মধ্যেও আবেগের সঞ্চার করে। অনেকেই মনে করেন, শহীদের কবর জিয়ারত, পরিবারের খোঁজখবর নেওয়া এবং আর্থিক সহযোগিতা প্রদান শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি শহীদদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং আত্মত্যাগের মূল্যবোধকে জীবন্ত রাখার এক আন্তরিক প্রয়াস।

প্রেস বিজ্ঞপ্তি