সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট না থাকায় তাকে দেশে ফেরাতে অবশ্যই ছবিযুক্ত প্রমাণপত্র নিতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, দেশে ফিরলেই তাকে (শেখ হাসিনা) গ্রেপ্তার করা হবে। শেখ হাসিনাসহ ভারতে থাকা অন্য আসামিদের প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছার প্রয়োজন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে পলাতক হিসেবে আছেন এবং সেখানে তার কোনো অফিশিয়াল স্ট্যাটাস নেই। এ ছাড়া তার কাছে কোনো পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট না থাকায় তাকে দেশে ফেরাতে অবশ্যই ছবিযুক্ত প্রমাণপত্র নিতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর এবং রোহিঙ্গা সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নতুন কোনো দেশ সফরের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। অন্যদিকে রোহিঙ্গা সমস্যা সমাধানে আসন্ন জাতিসংঘ অধিবেশনে বিষয়টি আরও জোরালোভাবে তুলে ধরা হবে।
শামা ওবায়েদ অভিযোগ করে বলেন, বিগত ১৭ বছরে রোহিঙ্গা সমস্যাটি জিইয়ে রেখে আরও ঘনীভূত করা হয়েছে। তবে বর্তমানে সরকারি-বেসরকারি এবং কূটনৈতিক ও অকূটনৈতিক বিভিন্ন চ্যানেলে আলোচনা চলমান রয়েছে।