Image description

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম এলাকায় গরু চুরির অভিযোগে কচুরিপানার নিচে প্রায় ৯ ঘণ্টা আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি দুই সন্দেহভাজন ডাকাতের। দীর্ঘ তল্লাশি চালিয়ে তাদের আটক করে স্থানীয় জনতা। পরে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে আটককৃত দুই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) ভোরে ছোট চৌগ্রাম বাজার এলাকায় একটি ট্রাক থেকে গরু চুরির চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে চারজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ধাওয়ার মুখে তাদের মধ্যে দুজন পাশের একটি খালের ঘন কচুরিপানার নিচে লুকিয়ে পড়েন এবং অপর দুজন পালিয়ে যেতে সক্ষম হন।

 

এরপর এলাকাবাসী ওই খালটি চারপাশ থেকে ঘিরে রেখে টানা প্রায় ৯ ঘণ্টা তল্লাশি চালায়। একপর্যায়ে দুপুরের পর কচুরিপানার ভেতর থেকে দুই সন্দেহভাজনকে খুঁজে বের করে আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও স্থানীয় সচেতন জনতা তাদের গণপিটুনি থেকে রক্ষা করে নিরাপদে আটকে রাখেন এবং প্রশাসনকে খবর দেন।

 
 

স্থানীয় যুবক রাকিব বলেন, ‘ওরা কচুরিপানার নিচে লুকিয়ে থেকে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু এলাকাবাসী খাল ঘিরে রাখায় শেষ পর্যন্ত বের হয়ে আসতে বাধ্য হন।’

 

খবর পেয়ে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, আটককৃত দুইজনকে তাৎক্ষণিকভাবে প্রশাসনের হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তীতে থানা পুলিশের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।