থাইল্যান্ডের মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়া ইয়ং উইমেন এমপাওয়ারমেন্ট একাডেমি’ ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরীন ঊর্মি। সম্প্রতি আয়োজক সংস্থার পক্ষ থেকে অফিশিয়াল চিঠির মাধ্যমে তাকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জান্নাতুল নওরীন ঊর্মি বরিশাল বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্ডফোর্ডশায়ার, এলএলবি শিক্ষার্থী।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত ‘উইমেন অ্যান্ড ইয়ুথ ইন ডেমোক্রেসি’ (ওয়াইড) উইমেনস লিডারশিপ ইনিশিয়েটিভের আওতায় এই বিশেষ ফেলোশিপ প্রদান করা হচ্ছে। যা বাস্তবায়িত হচ্ছে জাতিসংঘের সহযোগী সংস্থা ‘ইউএন উইমেন’র সঙ্গে যৌথ অংশীদারিত্বে।
এবারের আয়োজনের মূল লক্ষ্য দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী ও যুবসমাজের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা। আগামী ২৩ ও ২৪ জুলাই থাইল্যান্ডের ব্যাংককে এই সংলাপটি অনুষ্ঠিত হবে, যেখানে জান্নাতুল নওরীন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
এই গৌরবজনক অর্জন প্রসঙ্গে জান্নাতুল নওরীন ঊর্মি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া অত্যন্ত মর্যাদার। এমন একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে অংশ নিয়ে যে অভিজ্ঞতা অর্জিত হবে, তা পরবর্তীতে দেশে যুব ও নারী নেতৃত্ব শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণ নারীদের সম্ভাবনা ও নেতৃত্বের সামর্থ্য তুলে ধরার একটি অনন্য সুযোগ সৃষ্টি হবে।
জান্নাতুল নওরীন ঊর্মি এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত ২০ সদস্যের প্রতিনিধি দলের অংশ হিসেবে তিনি চীন সফর করেন। এছাড়া শ্রীলঙ্কাতে একটি আন্তর্জাতিক ফেলোশিপ অর্জন করেন নওরীন।
রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় জান্নাতুল নওরীন অতীতে এক নির্মম সহিংসতার শিকার হয়েছিলেন। ২০২০ সালের ১ মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা শেষে হল থেকে বের হওয়ার পর ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা তিনি নির্মম নির্যাতনের শিকার হন। দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পরও তিনি সেই সহিংসতার শারীরিক জটিলতা বহন করে চলছেন। সব বাধা অতিক্রম করে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার এই মনোনয়ন বাংলাদেশের তরুণ নারী নেতৃত্বের জন্য একটি অনুপ্রেরণাদায়ী দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।