Image description

এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন দ্বিতীয় দিনের মতো চলছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আজও সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে তারা। পরে সচিবালয়ের উদ্দেশে পূর্ব ঘোষিত লং মার্চ শুরু করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

 

এর পরিপ্রেক্ষিতে সচিবালয় এলাকার সড়কে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সচিবালয়ের আশপাশে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা কার্যকর করেছে পুলিশ।

 

বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে তারা সায়েন্স ল্যাব মোড় থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হয়। এতে এই এলাকার যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

 

সরেজমিনে দেখা যায়, সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেওয়ার সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং তিন দফা দাবির পক্ষে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে একত্র হয়ে তারা সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করে। এ সময় মিছিলের সামনে ও পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

 

লংমার্চে অংশ নেওয়া শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, আমাদের তিন দফা দাবি এখনো পূরণ হয়নি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাতে এসেছি। তাই শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে আমাদের দাবি জানাব।

 

এদিকে সচিবালয় এলাকায় সরিজমিনে দেখা গেছে, শিক্ষা অধিদপ্তরের আশপাশে পুলিশ বেরিকেড দিয়ে অবস্থান নিয়েছে। পেছনে জলকামান প্রস্তুত রাখা। যান চলাচলের জন্য এক পাশে খোলা রাখা হলেও পরে সেটিও বন্ধ করে দেওয়া হয়।

 

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—

১. দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা;

২. বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা;

৩. শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।