Image description

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার দাবিকে সম্পূর্ণ ‘আইনি বিষয়’ হিসেবে অভিহিত করেছে ভারত।

 

মঙ্গলবার (১৪ জুলাই) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

 

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানান।

 

ওই সাক্ষাৎকারের পর তার প্রত্যর্পণ ও দেশে ফেরার দাবির বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে জয়সওয়াল বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই নির্দিষ্ট বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসেনি। যে কোনো প্রত্যর্পণ মূলত একটি আইনি বিষয় ও সেই নিয়ম অনুযায়ীই এর মোকাবিলা করা হবে।’

 

এ সময় অপর এক প্রশ্নে, বাংলাদেশে চলমান ভারতের ১১টি উন্নয়ন প্রকল্পের অগ্রগতিতে ‘ঘাটতি’ থাকায় সেগুলো স্থগিত হতে পারে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু রিপোর্টের বিষয়ে মুখপাত্রের দৃষ্টি আকর্ষণ করা হয়।

 

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশে আমাদের যে উন্নয়ন প্রকল্প কর্মসূচি রয়েছে, তা সম্পূর্ণভাবে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক আলোচনার মাধ্যমেই করা হয়েছে এবং বর্তমানেও তা সেভাবেই সচল রয়েছে।’

 

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এর মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ ও হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। ঢাকা নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে তার প্রত্যর্পণের অনুরোধ পাঠিয়েছে।