পাবনার ঈশ্বরদীতে লাইনচ্যুত ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর ‘একতা এক্সপ্রেস’ ট্রেনটি তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মূল রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিকল্প পথ হিসেবে ঈশ্বরদী স্টেশন হয়ে আপাতত ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সব ধরনের ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিকল্প লাইনে এই ট্রেন চলাচল শুরু হয়। এর আগে, বিকেল ৪টার দিকে একতা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়েছিল।
ঈশ্বরদী বাইপাস স্টেশনের মাস্টার আব্দুল আলিম বলেন, লাইনচ্যুত একতা এক্সপ্রেস ট্রেনটি উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনাস্থলের লাইনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই লাইনে ট্রেন চলাচল এখনও বন্ধ রয়েছে এবং লাইন মেরামতের কাজ দ্রুতগতিতে চলছে। তবে যাত্রীদের সুবিধার্থে বিকল্প হিসেবে ঈশ্বরদী স্টেশন হয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সচল রয়েছে।
এদিকে ট্রেন লাইনচ্যুতির এই ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) হাসিনা খাতুন জানান, একতা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হলে তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু হয়। লাইনচ্যুত হওয়ার কিছুক্ষণের মধ্যেই ক্ষতিগ্রস্ত পাওয়ার কার এবং একটি সাধারণ বগি দুর্ঘটনাস্থলে রেখে বাকি ট্রেনটি যাত্রীদের নিয়ে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
তিনি আরও জানান, ঢাকাগামী ‘পদ্মা এক্সপ্রেস’ ট্রেনটি আগেই বিকল্প স্টেশন দিয়ে পার করে দেওয়া হয়েছে। রেলওয়ের এই সাময়িক বিপর্যয়ে যাত্রীদের ভোগান্তির জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।