দিনাজপুর সদরের দাইনুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক নারীসহ চারজনকে শূন্যরেখায় ফেরত পাঠিয়েছে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হলেও এখন পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কোনো সাড়া পাওয়া যায়নি।
বিজিবি জানায়, শনিবার (১১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আকিরাপুর দাইনুর সীমান্তের ৩১৫ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে এক নারীসহ চারজন বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় বিজিবি বিষয়টি দেখতে পেয়ে তাদের বাধা দেয়। ফলে তারা আর বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি।
বর্তমানে তাদের দাইনুর বিওপির শূন্যরেখায় রাখা হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ। পুরুষদের মধ্যে একজন প্রতিবন্ধী।
এই চারজনই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে বিজিবি। তারা হলেন- খুলনা সদরের কারিকারপাড়া এলাকার মাসুদ মোল্লার ছেলে বাবুল মোল্লা (৫০), তার স্ত্রী সুখী মোল্লা (৩৫), তাদের সন্তান মোহাম্মদ জিহাদ মোল্লা (১৫) এবং নড়াইলের কালিয়া উপজেলার পাঁচ কামনে গ্রামের মৃত তোরাব মোল্লার ছেলে গণি মোল্লা (৩৫)।
বিজিবির একটি সূত্র বলছে, দুই বছর আগে এই চার বাংলাদেশি কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন। এদের মধ্যে একই পরিবারের তিনজন এবং অন্য পরিবারের একজন। পরবর্তী সময়ে বাংলাদেশে আসার সময় ভারতের পুলিশের হাতে তারা গ্রেপ্তার হন। সেখানে দুই মাস কারাভোগ করেন তারা।
ফুলবাড়ী ২৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানালেন, বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে পত্র পাঠানো হয়েছে।