Image description

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে একটি চক্র বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে। আজ শনিবার সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেল তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এ বিষয়ে সতর্কবার্তা জারি করেছেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘জরুরি সতর্কীকরণ বার্তা। আমি জানতে পেরেছি, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের নাম ও ছবি ব্যবহার করে ভিন্ন ফোন নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে অত্যন্ত সুপরিকল্পিতভাবে কতিপয়/সংঘবদ্ধ চক্র বিভিন্ন ব্যক্তির নিকট অবৈধ অর্থ দাবি করছে। ইতোমধ্যে এই চক্র অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একজন নারী সহকারি অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। আমার বেশ কয়েকজন নারী সহকর্মী টেলিফোনে এ ধরণের প্রতারণার কথা আমাকে জানিয়েছেন।’

তাদের ভাষ‍্য মতে, প্রতারক চক্র আমার কন্ঠও নকল (Clone) করেছে। বিষয়টি খুবই উদ্বেগের। আমি এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করছি।

জনসচেতনতার লক্ষ‍্যে স্ক্রিনশটগুলো সংযুক্ত করা হলো যাতে কেউ প্রতারিত না হন।