খুলনা জেলা কারাগার (পুরাতন) থেকে দেওয়াল টপকে পালিয়ে যাওয়া হাজতি ইমন মাঝিকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। পালানোর তিন ঘণ্টা পর মহানগরের লবণচরা থানার সাচিবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন।
ওসি বলেছেন, ‘রাত পৌনে ৮টার দিকে সাচিবুনিয়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে পলাতক হাজতি ইমন মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পুনরায় জেলা কারাগারে নেওয়া হয়েছে।’
এর আগে বৃহস্পতিবার বিকাল পৌঁনে ৫টার দিকে কারাগারের পূর্ব পাশের দেওয়াল ডিঙিয়ে তিনি পালিয়ে যান। পলাতক ইমন মাঝি নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলার জিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল মাঝির ছেলে। কারাগার থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় প্রশাসনের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়।
খুলনা জেলা কারাগারের সুপার আবু সায়েম জানান, খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার একটি চুরি মামলার আসামি ইমন মাঝি গত ১৩ জুন থেকে খুলনা জেলা কারাগারে (পুরাতন) বন্দি।
আজ বৃহস্পতিবার বিকাল পৌঁনে ৫টার দিকে ইমন মাঝিসহ কয়েকজন হাজতি পুরুষ ওয়ার্ডের মধ্যে দাঁড়িয়ে কথা বলছিল। এক ফাঁকে ইমন মাঝি লাফিয়ে নারী ওয়ার্ডের বাথরুমের কাছে গিয়ে পড়ে। পরে তিনি ওই বাথরুমের পাইপ বেয়ে কারাগারের পূর্ব পাশের দেওয়াল টপকে পালিয়ে যান। ঘটনাটি টের পাওয়ার পর কারাগার থেকে পাগলা ঘণ্টা বাজানো হয়। একইসঙ্গে কারাগার থেকে হাজতি পালিয়ে যাওয়ার ঘটনাটি র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত ও ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষকে জানানো হয়।