ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আইনসভা নির্বাচনের তারিখ ঘোষণা করে একটি প্রেসিডেন্টীয় ডিক্রি জারি করেছেন। সরকারি বার্তা সংস্থা ওয়াফা বৃহস্পতিবার জানিয়েছে, আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা উপত্যকার ফিলিস্তিনিদের অবাধ ও সরাসরি ভোটের মাধ্যমে ফিলিস্তিনি আইন পরিষদের সদস্য নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে ডিক্রিতে।
সাধারণ নির্বাচনবিষয়ক ২০০৭ সালের ডিক্রি-আইন এবং এর সংশোধনীগুলোর আওতায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০০৬ সালের জানুয়ারির পর এটিই হবে প্রথম আইনসভা নির্বাচন।
ওয়াফা জানিয়েছে, ২০২৭ সালের প্রথম প্রান্তিকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ পরে আইন অনুযায়ী ঘোষণা করা হবে।
মাহমুদ আব্বাস ২০০৫ সালের জানুয়ারিতে চার বছরের মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে পরবর্তী প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচন বারবার স্থগিত হওয়ায় তিনি টানা ২১ বছর ধরে ক্ষমতায় রয়েছেন।