যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন ১৭৯ উপসচিব। পদোন্নতি পাওয়াদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বরখাস্ত হওয়া ছাদেকুর রহমানও।
আজ বৃহস্পতিবার জারি হওয়ার পদোন্নতির ১৭৯ জনের তালিকায় ৬৭ নম্বরে রয়েছে ছাদেকুর রহমানের নাম।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ছিলেন ছাদেকুর রহমান। গত ২৮ মে ছিল ঈদ উল আযহা। নগরবাসী নানা স্থানে কোরবানি দেন। সেই বর্জ্য ঠিকমতো অপসারণ করা হয়েছে কি না তা দেখতে ঈদের পরদিন নিজেই গাড়ি নিয়ে বের হন প্রধানমন্ত্রী। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে সিটি করপোরেশন কর্মীদের পশুর বর্জ্য অপসারণ দেখেন তিনি।
ওই দিন বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী গাড়িতে তুলে নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলামকে।
পরিদর্শনকালে হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির পশুর বর্জ্যের পাশাপাশি আগের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। বর্জ্য অপসারণে অবহেলার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তার নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। একই সঙ্গে নির্দেশ ছিল দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার।
এই দুই কর্মকর্তা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান এবং এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল- ১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। দুই কর্মকর্তাকেই তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রনালয়ে ন্যস্ত করা হয়। অসদাচরণের অভিযোগে তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা দুজনই ছিলেন সরকারের উপসচিব। তারা প্রেষণে সিটি করপোরেশনে নিয়োগ পেয়েছিলেন। বিভাগীয় তদন্ত শেষ হেওয়ার আগেই পদোন্নতির খাতায় নাম ওঠে ছাদেকুর রহমানের।
এই বহিষ্কারের আদেশের মধ্যেই যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ছাদেকুর রহমান।
কার জোরে ছাদেকুর রহমান এ পদোন্নতি জুটিয়েছেন তা নিয়ে ফিসফস শুরু হয়েছে জনপ্রশাসন মন্ত্রনালয়ে। তারাই জানাচ্ছেন, ছাদেকুর রহমান থাকেন রাজধানীর মোহাম্মদপুরে সরকারি কোয়ার্টারের ফ্ল্যাটে। তার পাশের ফ্ল্যাটে থাকেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের এপিডি উইং এর এক প্রভাবশালী কর্মকর্তা। তার তদারকিতেই ছাদেকুরের ভাগ্য খুলেছে।