ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বিদ্যালয় থেকে খালা পরিচয়ে শিশু শ্রেণির এক শিক্ষার্থীকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এক তরুণী। সন্দেহ হলে তুল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ওই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের খবর দেন।
আটক তরুণী নিজেকে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বাসিন্দা সুমাইয়া আক্তার (২০) বলে পরিচয় দিয়েছেন। বর্তমানে তাকে নাসিরনগর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
অপহরণের চেষ্টার শিকার শিশু শিক্ষার্থী তুল্লাপাড়া গ্রামের আব্দুল বাছিলের মেয়ে জান্নাত আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে সুমাইয়া আক্তার শিশু শ্রেণির কক্ষে প্রবেশ করেন। এ সময় তিনি নিজেকে জান্নাতের খালা পরিচয় দিয়ে তাকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি শিক্ষক-শিক্ষিকাদের সন্দেহ হলে তারা জান্নাতের মাকে খবর দেন।
পরে জান্নাতের মা বিদ্যালয়ে এসে জানান, আটক তরুণী তার বোন নন এবং তাদের কোনো আত্মীয়ও নন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম বলেন, শিশু অপহরণের চেষ্টার অভিযোগে ওই তরুণীকে থানায় আনা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ বা শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।