Image description

প্রতীক্ষার অবসান ঘটিয়ে পরীক্ষা শেষ হওয়ার আড়াই মাস পর আগামীকাল বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হতে যাচ্ছে। পরীক্ষার্থীরা অনলাইনে ও মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল দেখতে পাবেন। 

দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক এ এস এম সিরাজুদ্দোহা। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।

এসএমএসের মাধ্যমে ফল জানার বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিস্টেম অ্যানালিস্ট দিলীপ কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, টেলিটক ইতিমধ্যে একটি স্পেশাল নাম্বার জানিয়েছে, ওই নম্বরে যেকোনো অপরেটরের সিম থেকে মেসেজ করলেই রেজাল্ট পাওয়া যাবে।

এদিকে বুধবার (৮ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে টেলিটক জানিয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামীকাল, ৯ জুলাই। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই টেলিটকের মাধ্যমে খুব সহজে জেনে ফলাফল জেনে নেওয়া যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPERoll লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে (উদাহরণ: DPE 123456)। 

এছাড়াও অনলাইনে https://ipemis.dpe.gov.bd লিংকে প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে সহজেই ফলাফল দেখতে পাবেন।

এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৬ লাখ ৪০ হাজারের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। যার মধ্যে সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার শিক্ষার্থী বেসরকারি কিন্ডারগার্টেন থেকে অংশ নেয়। এ বছর সর্বমোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় কোটায় বৃত্তি পাবে মোট বৃত্তির ৮০% অর্থাৎ ৬৬ হাজার সরকারি স্কুলের শিক্ষার্থী। এখানে প্রতি ৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন বৃত্তি পাবে। অন্যদিকে, বেসরকারি বা কিন্ডারগার্টেন কোটায় পাবে মোট বৃত্তির ২০% অর্থাৎ ১৬ হাজার ৫০০ বেসরকারি স্কুলের শিক্ষার্থী। এখানে প্রতি সাড়ে ৫ জনে একজন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার সুযোগ পাবে।

মেধার ভিত্তিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুলে স্থান পাবে ৩৩ হাজার শিক্ষার্থী এবং সাধারণ গ্রেডে পাবে ৪৯ হাজার ৫০০ জন শিক্ষার্থী। ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্তদের প্রতি মাসে ৩০০ টাকা এবং বার্ষিক এককালীন ২২৫ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। এছাড়া, সাধারণ বৃত্তিপ্রাপ্তদের প্রতি মাসে ২২৫ টাকা এবং বার্ষিক এককালীন ২২৫ টাকা অনুদান দেওয়া হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পরবর্তী দুই বছর (৬ষ্ঠ এবং ৭ম শ্রেণি পর্যন্ত) এই সরকারি আর্থিক ও উপবৃত্তি সুবিধা দেওয়া হবে।