দেশের সব রাজনৈতিক দলকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ২০২৫ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে দলগুলোকে। না দিলে ব্যবস্থা নেবে ইসি। বুধবার (৮ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ইতোমধ্যে সাতটি দলকে নির্বাচনী ব্যয় জমা না দেওয়ার কারণে শোকজ করা হয়েছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, আয়-ব্যয়ের হিসাব নির্ধারিত সময়ে জমা না দিলে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। এক্ষেত্রে প্রথমে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। এরপরও না দিলে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’ এর অনুচ্ছেদ ৭৪ এর বিধান অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া যাবে। গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে।