Image description

দেশের নতুন ‘ভিসা পলিসি-২০২৬’-এর খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করতে অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে আট সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। কমিটির সুপারিশের ভিত্তিতে আগামী মাসের প্রথম মন্ত্রিসভা বৈঠকে সংশোধিত খসড়া উপস্থাপন করা হবে। গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সদস্যরা হলেন—স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান।

কমিটি  ‘ভিসা পলিসি-২০২৬’-এর খসড়া পর্যালোচনা, পরিমার্জন ও চূড়ান্ত করবে। প্রয়োজন হলে কমিটি নতুন সদস্য কো-অপ্ট করার ক্ষমতাও রাখবে। প্রয়োজন অনুযায়ী সভা অনুষ্ঠিত হবে এবং এ কমিটিকে সচিবিক সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটির সুপারিশ অনুযায়ী খসড়া চূড়ান্ত হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা আগামী মাসের প্রথম মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করবে।

এর আগে গত ২ জুলাই অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘ভিসা পলিসি-২০২৬’-এর খসড়া উপস্থাপন করা হয়। ওই বৈঠকেই খসড়াটি আরও পরিমার্জনের জন্য একটি মন্ত্রিসভা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।