Image description

জাতীয় সংসদে দেশের অন্যতম বৃহৎ নারী শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি উঠেছে। মাদারীপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ইডেন কলেজের সাবেক নির্বাচিত ভিপি হেলেন জেরিন খান এ দাবি জানান। বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ অনুরোধ জানান।

হেলেন জেরিন খান বলেন, ‘যখনই বিএনপি ক্ষমতায় আসে তখনই নারীর উন্নয়ন, নারী শিক্ষা ও নারী জাগরণে যুগান্তকারী ভূমিকা রাখে। এবারও আমরা দেখেছি, প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ম্যাট্রিক ও ইন্টারমিডিয়েট পর্যন্ত যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, তা আবার ডিগ্রি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে।’ 

 

তিনি বলেন, ‘আমি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দেশের সর্ববৃহৎ মহিলা কলেজ ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের নির্বাচিত ভিপি ছিলাম। ওই সময় শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছিলাম। তখন ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে সে সময় ঘোষণা দেওয়া সম্ভব হয়নি।’

ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘বর্তমানে ইডেন কলেজে প্রায় ২৩ হাজার ছাত্রী লেখাপড়া করছে। এই কলেজকে বিশ্ববিদ্যালয় করার কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে বিনীত আবেদন জানাচ্ছি।’ 

 

এ সময় তিনি সংসদের স্পিকারের সমর্থনও কামনা করেন। তিনি বলেন, ‘আপনার সহধর্মিণী বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজ আপা ওই কলেজের অধ্যক্ষ ছিলেন। তাই এ বিষয়ে আপনিও অবগত আছেন।’

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য তার কাছে নেই। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বিস্তারিত জানাতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘নারী শিক্ষা সবসময় বিএনপি সরকারের অন্যতম অগ্রাধিকার ছিল। নারী শিক্ষার পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।’

তিনি বলেন, ‘বিএনপি সরকার আগে মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিল। আমরা এবার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চাই ডিগ্রি বা অনার্স পর্যন্ত।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অনার্স পর্যন্ত যেসব নারী শিক্ষার্থী বিনামূল্যে শিক্ষা সুবিধা পাবে, তাদের মধ্যে যারা ভালো ফলাফল করবে তাদের স্কলারশিপ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।