Image description

ফরিদপুর জেলা সদরের মুন্সি বাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে লাল পতাকা দেখিয়ে যাত্রীবাহী বাস থামিয়ে চাঁদা উত্তোলনের সময় চারজনকে আটক করেছে ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজমির হোসেনের নেতৃত্বে কোতোয়ালী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন মো. ফরহাদ, মো. দিলু, মো. জুলফিকার ও মো. মতি।

স্থানীয়দের অভিযোগ, তারা গত ১০ দিনেরও বেশি সময় ধরে মহাসড়ক দিয়ে চলাচলকারী প্রায় সব যাত্রীবাহী বাস থেকে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে রসিদ দিয়ে টাকা উত্তোলন করছিলেন।

এ বিষয়ে ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজমির হোসেন বলেন, “পরিবহন থেকে টাকা উত্তোলনের সময় চারজনকে আটক করে থানায় আনা হয়েছে। তারা কী কারণে টাকা উত্তোলন করছিলেন, সে বিষয়ে জানতে পরিবহন শ্রমিক নেতাদের ডাকা হয়েছে। তদন্তে অবৈধভাবে টাকা উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”