নোয়াখালীর চাটখিলে পাঁচ বছরের শিশু আসমা আক্তারকে ধর্ষণ ও হত্যার দায়ে তার চাচাতো ভাই মো. শাহাদাতকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দেওয়া হয়েছে এক লাখ টাকা জরিমানা।
সোমবার দুপুরে নোয়াখালীর বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এ রায় ঘোষণা করেন। তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী শুক্লা সাহা।
দণ্ড পাওয়া শাহাদাত (২৬) চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের বাসিন্দা। নিহত আসমা মেঘা গ্রামের মৃধা বাড়ির মওলানা মো. শাহজাহানের মেয়ে। শাহাদাত তার চাচাতো ভাই।
মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৪ মার্চ দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় আসমা। ৯ দিন পর বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় শাহাদাতকে।
তদন্ত চলাকালে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শাহাদাত জানান, ধর্ষণের পর ঘটনা জানাজানি হয়ে যাওয়ার আশঙ্কায় শিশুটিকে তিনি শ্বাসরোধে হত্যা করেন। মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে রাখেন।
ঘটনাটি সেসময় বেশ আলোচিত হয়। নোয়াখালীজুড়ে ছড়িয়ে পড়ে ক্ষোভ। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে হয় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।
চার বছরের বিচারিক প্রক্রিয়া শেষে তিন দফা বদলানোর পর আজ এই মামলার রায় হলো।