বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যারের তথ্য হালনাগাদের কার্যক্রম চলছে। আগামী ১৫ জুলাই পর্যন্ত এ কার্যক্রম চলবে। এরপর বদলি আবেদনগ্রহণ করা হবে। আবেদনগ্রহণ শেষ হলে বদলি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানা গেছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, জুলাই থেকেই শিক্ষকদের বদলি আবেদনগ্রহণের পরিকল্পনা করা হয়েছে। আবেদনের কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে বিষয়টি অবহিত করা হবে। এরপর তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিক্ষকদের বদলি কার্যক্রমের দিনক্ষণ চূড়ান্ত করবেন।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বেসরকারি শিক্ষকদের বদলির বিষয়টি প্রথমবারের মতো হতে যাচ্ছে। বিপুল সংখ্যক শিক্ষকদের বদলি হবে। প্রথমবারের মতো এত বড় একটি কর্মযঞ্জের উদ্বোধন প্রধানমন্ত্রীর মাধ্যমে করা হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে।’
কবে নাগাদ বদলি কার্যক্রমের উদ্বোধন হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘১৫ জুলাই পর্যন্ত আঞ্চলিক কার্যালয়গুলো তথ্য যাচাই-বাছাই করবে। এরপর সেটি আমাদের কাছে আসবে। বদলি আবেদন শেষ হওয়ার পর শিক্ষামন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হবে। তিনি যেদিন সময় দেবেন, সেদিনই বদলি সফটওয়্যার উদ্বোধন হবে।