Image description

বলিউড অভিনেতা আমির খান তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। রোববার দুপুরে মুম্বাইয়ের পালি হিলের নিজ বাসভবনে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনিভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটি ৬১ বছর বয়সি আমিরের তৃতীয় এবং বেঙ্গালুরুর উদ্যোক্তা গৌরীর দ্বিতীয় বিয়ে। বিগত দুই বছর ধরে তারা একসঙ্গে বসবাস করছিলেন।

 

প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করেই ঘরোয়া এই আয়োজনে উপস্থিত ছিলেন ১০০ থেকে ১৫০ জন ঘনিষ্ঠ অতিথি। শনিবার থেকেই বৃষ্টিতে ভিজে কর্মীরা বিয়ের সাজসজ্জা সম্পন্ন করেন। স্নিগ্ধ সাজে আমির পরেছিলেন অফ-হোয়াইট রঙের পাঞ্জাবি এবং চোখে চশমা, আর গৌরীর পরনে ছিল লম্বা হাতার জামার সঙ্গে ভারী গয়না। বিয়ের একটি ছবিতে নবদম্পতির মাঝে গৌরীর আগের সংসারের সাত বছর বয়সি ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

 

অনুষ্ঠানে আমিরের পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন তার তিন সন্তান—জুনাইদ, ইরা (স্বামী নূপুরসহ) ও আজাদ। এ ছাড়া আম্বানি পরিবার, নির্মাতা আশুতোষ গোয়ারিকড় এবং রাজনীতিক রাজ ঠাকরেও যোগ দেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আম্বানিরা পৌঁছানোর সময় বাড়ির ভেতরে একটি গাছ ভেঙে পড়লেও দ্রুত তা সরিয়ে নেওয়া হয়। বিয়ের অতিথি তালিকা ও মধ্যাহ্নভোজের মেন্যু আমির-গৌরী মিলেই চূড়ান্ত করেছিলেন।

 

গত বছর আমিরের জন্মদিনে তাদের প্রেমের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। জুনের শুরুতে আমির নিজেই ৫ জুলাইয়ের বিয়ের তারিখটি নিশ্চিত করেছিলেন। এর আগে ১৯৮৬ সালে রীনা দত্ত এবং ২০০৫ সালে কিরণ রাওয়ের সঙ্গে আমিরের বিয়ে হয়েছিল। মজার বিষয় হলো, প্রাক্তন দুই স্ত্রীর মতো গৌরীও ‘আমির খান প্রোডাকশনস’-এর সঙ্গে যুক্ত।