Image description

কুমিল্লার লালমাইয়ে খালের ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ না করেই খাল খননের বিষয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।

 

শনিবার (৪ জুলাই) রাতে দৈনিক ইনকিলাবের লালমাই প্রতিনিধি মাসুদ রানার মোবাইল ফোনে এই হুমকি দেন উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

 

ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, খালের অবৈধ দোকানপাট উচ্ছেদ ছাড়াই খননকাজ পরিচালনার বিষয়ে সংবাদ প্রকাশের পর থেকেই ওই সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি ও ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে বিএনপি নেতা জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে সাংবাদিক মাসুদ রানাকে কল করেন এবং সংবাদ প্রকাশের কারণ জানতে চান। একপর্যায়ে তিনি মাসুদ রানা এবং দৈনিক জনকণ্ঠের লালমাই প্রতিনিধি প্রদীপ মজুমদারকে অকথ্য ভাষায় গালাগালসহ ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। ইতিমধ্যেই এই ফোনালাপের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, ওই সাংবাদিকদের সঙ্গে আমার পূর্বপরিচয় রয়েছে। তারা আগে আওয়ামী লীগের রাজনীতি করতেন। গত দুদিন ধরে প্রদীপ ও মাসুদ আমাকে ফোন করে দেখা করতে বলছিলেন। এতে আমি রাগান্বিত হয়ে উত্তেজনার বশে কিছু গালাগাল করেছি। তবে বিষয়টি মূলত একটি ভুল-বোঝাবুঝি।

এ বিষয়ে লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু বলেন, জাহাঙ্গীর যা করেছেন, তা সম্পূর্ণ অন্যায়। একজন সাংবাদিককে হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দলের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান এশিয়া পোস্টকে বলেন, সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনকালে কোনো ধরনের হুমকি, ভয়ভীতি বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।