Image description

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার একটি মসজিদের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রবীণ মুসল্লিসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। 

শনিবার (৪ জুলাই) রাত আটটার দিকে উপজেলার উত্তর মির্জাপুর গ্রামের জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর মির্জাপুর গ্রামের জামে মসজিদের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গ্রামের দুটি সামাজিক পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার রাতে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে প্রবীণ মুসল্লিসহ অন্তত ১২ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। এর মধ্যে গুরুতর আহত ৫ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলের পাশেই পুলিশ ফাঁড়ি থাকায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।