পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, নির্যাতন, হামলা-মামলা এবং জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এই অর্জন ধরে রাখতে হলে দল-মত-ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শনিবার বিকাল সাড়ে ৫টায় ফরিদপুর শহরের থানা রোডের ব্যাংক এশিয়া মোড়ে ফরিদপুর নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত ‘নাগরিক আলোচনা ও বিজয়ের বর্ষপূর্তি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ছেড়ে বন-জঙ্গলে, আদালতের বারান্দায়, এমনকি গাছতলায় দিন কাটাতে হয়েছে। অসংখ্য নেতাকর্মী কারাগারে ছিলেন, হাজারো মানুষ রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। জুলাইযোদ্ধাদের আত্মত্যাগের কারণে আমরা একই মঞ্চে দাঁড়িয়ে গণতন্ত্রের কথা বলতে পারছি। যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন এবং আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, জাতি তাদের কাছে ঋণী। সরকার তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে কাজ শুরু করেছে।
তিনি সতর্ক করে বলেন, স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে দেশে নতুন রাজনৈতিক বাস্তবতার সৃষ্টি হয়েছে। কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত কিংবা ব্যক্তিস্বার্থের কারণে আন্দোলনের ১৭ বছরের অর্জন যেন নষ্ট না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও অপরাধ নির্মূল না হলে গণতন্ত্রের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না।
ফরিদপুরের উন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ফরিদপুরকে বিভাগ ঘোষণা, পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ, একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং পদ্মা ব্যারেজ নির্মাণ সরকারের অগ্রাধিকার প্রকল্পের মধ্যে রয়েছে। ফরিদপুর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হওয়ায় এই জেলার উন্নয়নের জন্য বিভাগ, সিটি করপোরেশন ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অত্যন্ত প্রয়োজন এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে এসব বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত রয়েছে।
সম্প্রতি ফরিদপুরে পেঁয়াজের বাজারমূল্য কমে যাওয়ায় কৃষকদের লোকসানের প্রসঙ্গ উল্লেখ করে শামা ওবায়েদ ইসলাম বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে আধুনিক পেঁয়াজ সংরক্ষণাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে কৃষক উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বিক্রি করতে পারবেন। দেশের পানি সংকট নিরসনে পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে এবং প্রধানমন্ত্রীরও অনুমোদন রয়েছে। একই সঙ্গে তিস্তা ব্যারেজ বাস্তবায়ন এবং সারা দেশে খাল খনন কর্মসূচিও এগিয়ে নেওয়া হচ্ছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লা, সাবেক এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আবদুত তাওয়াব প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরকে বিভাগ ঘোষণা, সিটি করপোরেশন প্রতিষ্ঠা, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পেঁয়াজ সংরক্ষণাগার, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ এবং জেলার সার্বিক উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানান। কর্মসূচির আগে জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন।