Image description

জাতীয় পতাকার রঙ ও নকশা বিকৃত করে তাতে কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

পরে তাদের সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়ে শুক্রবার (৩ জুলাই) দুপুরে  আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মাওলানা এরশাদ আলীর ছেলে মো. নিয়ামক উল্লাহ (২৫) এবং শেরপুর সদর উপজেলার চান মিয়ার ছেলে সিদ্দিক (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের মিতালী মার্কেট এলাকায় জাতীয় পতাকার আদলে আরবি অক্ষরে কালেমা লেখা পতাকা তৈরি করে অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করছিলো। সম্প্রতি সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় এই বিকৃত পতাকা উড়তে দেখা গেলে পুলিশ তদন্তে নামে এবং তাদের আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, জাতীয় পতাকার অবয়ব বিকৃত করে কালেমা খচিত পতাকা বানিয়ে গ্রেফতার ব্যক্তিরা একটি অনলাইন পেজের মাধ্যমে বিক্রি করছিলেন। তাদের এই কার্যক্রমের পেছনে রাষ্ট্রবিরোধী বা ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়া তদন্তের স্বার্থে তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।