পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আধুনিক, দক্ষ ও স্মার্ট প্রজন্ম গড়ে তুলতে সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
শনিবার লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত নতুন একাডেমিক ভবনের ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন তিনি। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী, বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, শিক্ষাই জাতির উন্নয়নের প্রধান চালিকাশক্তি। একটি আধুনিক, দক্ষ ও স্মার্ট প্রজন্ম গড়ে তুলতে সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত অবকাঠামো ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন শিক্ষার্থীদের লেখাপড়ার আরও অনুকূল পরিবেশ সৃষ্টি করবে এবং তাদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, চন্দ্রগঞ্জকে উপজেলা করা হয়েছে। ফলে এ অঞ্চলের উন্নয়ন আরও গতিশীল হবে। তিনি জানান, নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত রেললাইন স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে এবং দ্রুতই এ প্রকল্প বাস্তবায়ন হবে বলে আশা করা হচ্ছে। এতে চন্দ্রগঞ্জসহ লক্ষ্মীপুর জেলার মানুষ সরাসরি উপকৃত হবেন। এছাড়া জেলার শিক্ষার্থীরা দূরে না গিয়ে নিজ জেলায় মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাচ্চু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।