রাজধানীর কাফরুল পশ্চিম থানার কর্মপরিষদ সদস্য, ওয়ার্ড জামায়াতের সভানেত্রী ও ২৮ অক্টোবরের পঙ্গুত্ববরণকারী আমিনুর রহমান আমানের মা আনজুমান আরা মন্নুজানের জানাজা অনুষ্ঠিত।
শুক্রবারবাদ জুমা উত্তর কাফরুলের বায়তুল নূর জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। নামাজে জানাজা পরিচালনা করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
এর আগে গত বৃহস্পতিবার রাতে মিরপুরে ইসলামী ব্যাংক কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আনজুমান আরা মন্নুজান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মহানগর উত্তর আমিরের শোকবাণী
আনজুমান আরা মন্নুজানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
শুক্রবার এক যৌথ শোকবাণীতে তারা বলেন, আনজুমান আরা মন্নুজান ছিলেন ইসলামী নারী আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা। তিনি এক দাঈ এবং কোরআনের খাদেমা হিসাবে পরিচিত ছিলেন। মন্নুজান পারিশ্রমিক ছাড়াই মহিলাদের কোরআন শিক্ষা দিতেন। মরহুমা ন্যায়-ইনসাফের ভিত্তিতে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখতেন এবং জীবনের শেষদিন পর্যন্ত সে লক্ষ্যে অবিচল ও আপসহীন ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন সহযোদ্ধাকে হারালাম।
তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের উঁচু মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। এছাড়া তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ধৈর্যধারণের তাওফিক কামনা করেন।