চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের বসার জন্য চেয়ার ও ছাউনি স্থাপনের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (২ জুলাই) সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্রের কর্মকর্তাদের এই নির্দেশনা দেয় ঢাকা বোর্ড।
বোর্ডের আদেশে বলা হয়েছে, বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে দেখা গেছে যে অভিভাবকেরা দীর্ঘ সময় ধরে বাইরে অপেক্ষা করেন। অধিকাংশ কেন্দ্রে কোনো শেড বা বসার জায়গা না থাকায় রোদ ও বৃষ্টির মধ্যে তাঁদের কষ্ট পোহাতে হয়। এ ছাড়া কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য না থাকায় অনাকাঙ্ক্ষিত জটলা ও জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে।
এই পরিস্থিতি নিরসনে এবং অপেক্ষমাণ অভিভাবকদের কথা বিবেচনা করে এখন থেকে প্রতিটি কেন্দ্রের বাইরে পর্যাপ্ত চেয়ার ও শেডের ব্যবস্থা করতে বলেছে ঢাকা শিক্ষা বোর্ড। একই সঙ্গে কেন্দ্রের বাইরের অনাকাঙ্ক্ষিত ভিড় ও সার্বিক শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে রোভার স্কাউট, গার্লস গাইড এবং বিএনসিসি সদস্যদের নিয়োজিত করার নির্দেশ দিয়েছে।