রাজধানীর মোহাম্মদপুরে করা একটি মাদক মামলায় ৯ আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত এক আসামির মামা অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ মঙ্গলবার ঢাকার ১০ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আদালতের বেঞ্চ সহকারী ফারুকুল ইসলাম দেওয়ান জানান, ৯ আসামির মধ্যে কেবল মো. মিঠুন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তার মামা আইয়ুবও আদালতে ছিলেন। রায় ঘোষণার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পাশের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়ে দণ্ডিত অপর আসামিরা হলেন—মো. মুরাদ, ছাবির, মো. রাজা, মো. মাসুম হোসেন, মো. বিল্লাল, মো. ওয়াহিদুল সনু ও মো. জুম্মন মিয়া। তারা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ২৬ মে রাজধানীর মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্প এলাকায় মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-২। অভিযানে এক হাজার ৯৫০টি ইয়াবাসহ নয়জনকে আটক করা হয়।
এ ঘটনায় ওই দিনই পুলিশ পরিদর্শক ইকরামুল হক চৌধুরী বাদী হয়ে মোহাম্মদপুর থানা-এ মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২২ জুলাই থানার উপপরিদর্শক সাজেদুল হক আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৯ সালের ২৭ মে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার চলাকালে চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।