Image description

দেশের কওমি ধারার মাদরাসা শিক্ষার জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পৃথক বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ইবতেদায়ি মাদরাসা এবং যোগ্য সব নন-এমপিও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করারও দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৮তম কার্যদিবসে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে ডা. শফিকুর রহমান বলেন, কওমি ধারার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সরকারি অনুদান গ্রহণ করলে তাদের শিক্ষাব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্য ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সরকারকে কওমি মাদরাসাগুলোর সমন্বয়কারী সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ (হাইয়াতুল উলইয়া)-এর সঙ্গে আলোচনার মাধ্যমে এমন একটি কাঠামো তৈরি করতে হবে, যাতে তাদের মতামত অনুযায়ী কার্যক্রম পরিচালিত হয়।

তিনি বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে কওমি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে প্রাপ্য অধিকার রয়েছে, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

এ সময় ইবতেদায়ি মাদরাসাগুলোর জন্যও বাজেটে বরাদ্দ রাখার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। পাশাপাশি দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির অপেক্ষায় থাকা শিক্ষকদের রাজনৈতিক বিবেচনার বাইরে রেখে একটি নিরপেক্ষ কমিটির মাধ্যমে মান যাচাই করে দ্রুত এমপিওভুক্ত করার দাবি জানান তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের যোগ্য সব নন-এমপিও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা প্রয়োজন।

শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন, উন্নত দেশগুলোর মতো বিত্তবানদের জন্য বেসরকারি শিক্ষা ব্যবস্থা থাকতে পারে, তবে সাধারণ মানুষের জন্য মানসম্মত সরকারি শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।

শীর্ষনিউজ