সারা দেশে চলমান ভ্যাপসা গরমের মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। আগামী ১০ দিন সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে, কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ।
সোমবার (২৯ জুন) সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয় এবং অন্যান্য স্থানে মোটামুটি সক্রিয় থাকায় বৃষ্টিপাতের এই সম্ভাবনা তৈরি হয়েছে।
তাপমাত্রার বিষয়ে পূর্ভাভাসে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে বর্তমানে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছু কিছু জায়গা থেকে কমে যেতে পারে। ফলে সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, আজ থেকে আগামী বুধবার (১ জুলাই) পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আগামী বৃহস্পতি ও শুক্রবার (২ ও ৩ জুলাই) বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকতে পারে। ওই দুদিন বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের এই প্রবণতা আরও বাড়বে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, গতকাল রোববার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে, ১১৪ মিলিমিটার। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।