বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্র জানায়, গত ১৪ জুন নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হওয়ার পর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুস্তাফা মনোয়ার। সে সময় তিনি লাইফ সাপোর্টে ছিলেন। পরে ভারতের দিল্লিতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফেরেন।
মুস্তাফা মনোয়ার ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।
দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে তিনি দেশের অন্যতম বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেন। শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।
শীর্ষনিউজ