রাজধানীর গুলশান-২ এলাকায় ফ্ল্যাট জালিয়াতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি পিছিয়েছে। আদালত শুনানির নতুন তারিখ আগামী ১ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন।
রোববার সকালে ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালত এই আদেশ দেন।
দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ মামলাটির চার্জ গঠন শুনানির দিন ধার্য ছিল। জামিনে থাকা আসামি মোশাররফ হোসেনের পক্ষে শুনানি পেছানোর আবেদন করায় আদালত নতুন তারিখ দিয়েছেন।’
এর আগে গত ৮ এপ্রিল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকার বিশেষ জজ-৫ আদালতে বদলির নির্দেশ দেন। ১৮ ফেব্রুয়ারি টিউলিপ ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।
অবৈধ সুবিধা নিয়ে গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।
আসামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও পরস্পর যোগসাজশে কোনো টাকা পরিশোধ না করেই গুলশান-২ এর একটি ফ্ল্যাট অবৈধভাবে দখল ও পরে রেজিস্ট্রি করার অভিযোগ রয়েছে।
মামলার পর চলতি বছরের জুলাইয়ে আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে রিট করলে তদন্ত তিন মাসের জন্য স্থগিত হয়। দুদক চেম্বার আদালতে গেলেও ‘নো অর্ডার’ আদেশ পায়। গত ১১ ডিসেম্বর তদন্ত শেষে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।