সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ আখ্যায়িত করে সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে শহরের নিউমার্কেট মোড়ে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আলেম-ওলামা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
প্রবীণ আলেম অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী”র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা ওসমান গণী, মাওলানা মনিরুল ইসলাম বেলালী, মাওলানা রুস্তম আলী তাওহিদী, মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাতক্ষীরার মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতি, সহনশীলতা ও ধর্মীয় মূল্যবোধ ধারণ করে আসছে। এ ধরনের মন্তব্য জেলার জনগণের প্রতি অসম্মানজনক এবং অনভিপ্রেত। কোনো সরকারি কর্মকর্তার কাছ থেকে জনগণের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধ সম্পর্কে অবমাননাকর মন্তব্য কাম্য নয়। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বক্তারা অবিলম্বে জেলা প্রশাসকের ওই বক্তব্য প্রত্যাহার এবং সংশ্লিষ্ট বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের দাবি জানান।
প্রসঙ্গত, জেলা প্রশাসকের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচিত হয়।
শীর্ষনিউজ