Image description

বিশ্বকাপে আফ্রিকান দলের খেলা মানেই শুধু ফুটবল নয়, মাঝে মাঝে স্টেডিয়ামের গ্যালারিতে দেখা মেলে জাদুকর, আধ্যাত্মিক গুরু আর নানা বিশ্বাসের ছায়া। এমনই এক আলোচনার কেন্দ্রে এখন ঘানা ও ইংল্যান্ড ম্যাচ। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এর দ্বিতীয় ম্যাচে ঘানার বিপক্ষে ০-০ গোলে ড্র করেছে ইংল্যান্ড। আর এই ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছেন ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ড হ্যারি কেইন। খবর টিওয়াইসি স্পোর্টস। 

ম্যাচ শেষ হওয়ার পর আবারও আলোচনায় এসেছে ঘানার আধ্যাত্মিক ব্যক্তি নানা কওয়াকু বন্সামের দাবি, যিনি আগেই ঘোষণা দিয়েছিলেন তিনি হ্যারি কেইনের বিরুদ্ধে ‘অভিশাপ’ দিয়েছেন যাতে তিনি গোল করতে না পারেন।

ম্যাচটি অনুষ্ঠিত হয় বোস্টনে। এটি ছিল গ্রুপ পর্বে ঘানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ প্রথম ম্যাচে তারা পানামাকে অল্প ব্যবধানে হারিয়ে ভালো শুরু করেছিল।

ম্যাচের আগের দিন থেকেই এই ‘হেক্স’ বা অভিশাপ নিয়ে আলোচনা শুরু হয়। নানা কওয়াকু বন্সাম দাবি করেন, তিনি বিশেষ আধ্যাত্মিক কাজ করছেন যাতে হ্যারি কেইন ঘানার বিপক্ষে গোল করতে না পারেন। তিনি বলেন, ‘আমি হ্যারি কেইনের ওপর কাজ করছি। আমি আগে কী করতে পারি তা প্রমাণ করেছি, তাই আমি জানি তাকে থামাতে কী কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি চাই না তার বড় কোনো আঘাত লাগুক। কিন্তু আমার কাজ হবে এমনভাবে তাকে থামানো, যাতে সে আমাদের দেশের বিপক্ষে গোল করতে না পারে। আমি এমন ব্যবস্থা করব যাতে সে আমাদের সাহায্য করতে পারে।’ তিনি স্পষ্ট করে জানান, এই ‘অভিশাপ’ শুধু এই ম্যাচের জন্য, পুরো টুর্নামেন্টের জন্য নয়।

এই আলোচনার মাঝেই মাঠে নামেন বায়ার্ন মিউনিখের তারকা হ্যারি কেইন। ম্যাচে তিনি তিনটি শট নেন, যার মধ্যে মাত্র একটি ছিল লক্ষ্যে। দ্বিতীয়ার্ধে তিনি একটি সহজ গোলের সুযোগও পান, যা তিনি কাজে লাগাতে ব্যর্থ হন।

শেষ পর্যন্ত সেই সুযোগ হারানোই ম্যাচের বড় গল্পে পরিণত হয়। পুরো ম্যাচে ইংল্যান্ডের আক্রমণভাগও ছন্দ খুঁজে পায়নি, ফলে ঘানার বিপক্ষে কোনো গোল করতে পারেনি ‘থ্রি লায়ন্স’।