Image description

শিক্ষা সচিব আব্দুল খালেক বলেছেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২য় ক্যাম্পাসের বরাদ্দ বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করেছি। সেকেন্ড ক্যাম্পাসে যাওয়ার আগ পর্যন্ত এ ক্যাম্পাসের জন্য কাজ করব। শিক্ষামন্ত্রী আপনাদের জন্য বিশেষ কিছু ঘোষণা করবেন। আমার কাজ হলো, শিক্ষকদের নিয়োগ ও বদলি দেখাশোনা করি। অর্থ বরাদ্দ দেওয়া।’

‘ভিসি বা অধ্যাপক হওয়ার পরে যখন কেউ কোনো সংগঠনের সভাপতি হতে চায়, তখন আমাদের হতাশ করে’ বলেও মন্তব্য করেন সচিব। বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ডিনস এওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্নাতকে সর্বোচ্চ ফলাফল অর্জনের জন্য স্বীকৃতিস্বরূপ চার শিক্ষাবর্ষে মোট ১০৪ জন শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আজ তাদের হাতে মেডেল, সার্টিফিকেট ও  আর্থিক সম্মাননা তুলে দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দীন, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন, ঢাকা-৭ আসনের এমপি হামিদুর রহমান হামিদ ও জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মনজুর মোর্শেদ ভূইয়া। এ ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ জকসু ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন, ২০১৬-১৭ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রতিটিতে ২৫ জন করে মোট ৫০ জন শিক্ষার্থী, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ২৬ জন এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষে সর্বোচ্চ ২৮ জন শিক্ষার্থী।

তাদের মধ্যে অনন্য কৃতিত্ব অর্জন করেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের অণুজীববিজ্ঞান (মাইক্রোবায়োলজি) বিভাগের শিক্ষার্থী আভা রহমান। তিনি স্নাতকে ৪.০০-এর মধ্যে ৪.০০ সিজিপিএ অর্জন করে তালিকায় শীর্ষস্থান অর্জন করেন।