Image description
ইসলামী অর্থনীতি নিয়ে বিগত দশকগুলোতে বিশ্বের যেসব মুসলিম স্কলারেরা কাজ করেছেন ড. উমর চাপড়া তাদের মধ্যে অন্যতম। বিশেষ করে যারা সিলেবাসভুক্ত বইসমূহ পাঠ করেছেন তাদের কাছেও তিনি বহুল পরিচিত। সাথী, সদস্য ও উচ্চতর ক্যাটাগরিতে তার বইগুলো পড়ার অপরিহার্যতা রয়েছে। এই জ্ঞানী ও গুনি মানুষটি গত ১৩ জুন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার যে বইগুলো বাংলায় অনূদিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ, মাকাসিদ আল-শরিয়াহ'র আলোকে - উন্নয়ন ইসলামিক মডেল, ইসলাম ও অর্থনৈতিক উন্নয়ন, ইসলামি দৃষ্টিকোণ থেকে অর্থশাস্ত্রের ভবিষ্যৎ প্রভৃতি।
মরহুম ড. উমর চাপড়া শুধু একজন অর্থনীতিবিদ নন; বরং এমন একজন চিন্তাবিদ, যিনি অর্থনীতিকে নৈতিকতা, মানবকল্যাণ এবং সামাজিক ন্যায়বিচারের সঙ্গে যুক্ত করে দেখার চেষ্টা করেছেন। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে যখন মুসলিম বিশ্ব পশ্চিমা পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক মডেলের মধ্যে বিকল্প পথ খুঁজছিল, তখন উমর চাপড়া ইসলামী অর্থনীতিকে একটি সুসংহত বুদ্ধিবৃত্তিক কাঠামো হিসেবে উপস্থাপন করেন।
১৯৩৩ সালের ১ ফেব্রুয়ারি ভারতের বোম্বেতে জন্মগ্রহণকারী উমর চাপড়া পরবর্তীতে পাকিস্তানে বসবাস শুরু করেন। তিনি করাচি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ সময় সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে Islamic Development Bank-এর ইসলামী গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে (IRTI) গবেষণা উপদেষ্টা হিসেবে কাজ করেন।
উমর চাপড়ার মতে অর্থনীতির লক্ষ্য কেবল উৎপাদন বৃদ্ধি বা জিডিপি প্রবৃদ্ধি নয়; বরং মানবকল্যাণ, ন্যায়বিচার এবং সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা। তিনি মনে করেন, আধুনিক পুঁজিবাদ ও সমাজতন্ত্র উভয় ব্যবস্থারই সীমাবদ্ধতা রয়েছে এবং ইসলামী মূল্যবোধভিত্তিক একটি অর্থনৈতিক কাঠামো এসব দুর্বলতার বিকল্প হতে পারে।
চাপড়ার লেখনীতে বারবার উঠে এসেছে সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার সমালোচনা। তাঁর মতে, সুদ এমন একটি ব্যবস্থা তৈরি করে যেখানে অর্থনৈতিক ঝুঁকি ও লাভের ভারসাম্য নষ্ট হয় এবং সম্পদ ধীরে ধীরে সমাজের একটি ক্ষুদ্র গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হতে থাকে। এর পরিবর্তে তিনি মুনাফা ও ঝুঁকি ভাগাভাগির ভিত্তিতে গড়ে ওঠা ইসলামী অর্থায়ন ব্যবস্থার পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তবে তাঁর চিন্তার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, তিনি ইসলামী অর্থনীতিকে কেবল সুদবিরোধী আন্দোলন হিসেবে দেখেননি; বরং এটিকে একটি সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক দর্শন হিসেবে ব্যাখ্যা করেছেন।
ইসলাম নিয়ে একমুখীভাবে কাজ করা যায় এমনটা নয়। যে যার অবস্থান থেকে ইসলাম নিয়ে কাজ করতে পারেন। ড. উমর চাপড়া এর সত্যনিষ্ঠ দৃষ্টান্ত। তিনি এমন একজন সাচ্চা মুসলিম ছিলেন যিনি পশ্চিমা বিশ্বের তৈরি সুদভিত্তিক অর্থনীতি ও সমাজতন্ত্রের বিষবাষ্পের বিরুদ্ধে একা লড়াই করে গিয়েছেন। সুদকে বর্জন করেও যে অর্থনৈতিক কাঠামো নির্মাণ করা যায় এবং ইসলামী অর্থনীতি ছাড়া মানুষের প্রকৃত মুক্তি মিলবে না- তা প্রমাণ করে গিয়েছেন তিনি।
তার মৃত্যুর পরও সেই অর্থে বাংলাদেশে তাকে নিয়ে আলোচনা করতে দেখিনি। এ কারণে তাকে নিয়ে লিখলাম। আমরা কয়েক প্রজন্ম তার কাছে ঋণী কারণ আমরা তার লেখনীর মধ্য দিয়েই ইসলামী অর্থনীতি সম্পর্কে ধারনা পেয়েছি। আল্লাহ ড. উমর চাপড়াকে ক্ষমা করুন। তার সকল নেক আমল ও অসাধারণ সব কাজগুলো কবুল করে তাকে জান্নাত নসীব করুন। আমিন।
 
-আলী আহমাদ মাবরুর