দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ সিদ্দিকীর এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উপস্থাপিত হয়।
সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী তার প্রশ্নে দেশে বৈধ মোটরসাইকেলের সংখ্যা এবং অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেলগুলো বৈধ করার কোনো পরিকল্পনা আছে কি না, তা জানতে চান।
জবাবে সেতুমন্ত্রী বলেন, বিআরটিএ ইনফরমেশন সিস্টেমের হিসাব অনুযায়ী দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি। সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এবং অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেল বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
অবৈধ মোটরসাইকেল বৈধ করার প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী জানান, যেসব মোটরসাইকেল মালিক এখনো বিআরটিএ থেকে নিবন্ধন নেননি, তারা যদি প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাযথ প্রক্রিয়া মেনে আবেদন করেন, তবে বিআরটিএ সেগুলোকে বৈধতা দেবে এবং রেজিস্ট্রেশন নম্বর প্রদান করবে।