সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (১২ জুন) রাত ১০টার পর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল খাঁ জানান, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে তিনি কয়েকজন নেতাকর্মীকে নিয়ে কার্যালয়ের অদূরে অবস্থান করছিলেন। এ সময় কার্যালয়ের ভেতরে আলো দেখতে পান। কিছুক্ষণ পর বিস্ফোরণের শব্দ শুনে তারা দ্রুত কার্যালয়ের দিকে এগিয়ে গেলে বারান্দায় আরো একটি বিস্ফোরণ ঘটে।
কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টু জানান, শুক্রবার রাত ১০টার কিছুক্ষণ আগে তিনি পার্টি অফিস থেকে বাড়িতে আসেন। খাওয়াদাওয়া শেষে ফোনে খবর পেয়ে অফিসে যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন জানান, এ ঘটনায় কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল খাঁ বাদী হয়ে শনিবার থানায় একটি মামলা করেছেন।