নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিউটি পার্লারের কর্মী সেজে অভিনব কৌশলে দুই গৃহবধূর প্রায় তিন লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করেছে এক নারী প্রতারক। বৃহস্পতিবার সকাল ১০টায় মাদানীনগর এলাকার সিটি টাওয়ারের তিনতলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী সুমাইয়া খান বলেন, সকাল সাড়ে ৯টায় ওই প্রতারক নারী আমার বাসায় এসে নিজেকে বিউটি পার্লারের কর্মী পরিচয় দেয় এবং নিজেকে আমার প্রতিবেশী বলে দাবি করে। আমি সরল মনে তাকে বাসায় ঢুকতে দেই। আমার সাথে আমার পাশের বাসার এক প্রতিবেশীও তার কাছে ফেসিয়াল করতে আসে। এসময় ওই নারী আমাদেরকে ফেসিয়াল করার জন্য চেয়ারে বসায়। এক পর্যায়ে সে কৌশলে আমাদেরকে চেতনাশক দিয়ে আমার গলায় থাকা ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, কানে থাকা ৪ আনা ওজনের দুইটি কানের দুল এবং আমার প্রতিবেশীর ৫ আনা ওজনের দুইটি কানের দুল খুলে নিয়ে বাসা থেকে চলে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই জেসমিন সরকার জানান, এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের বাসার সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে প্রতারকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।