Image description

দেশের সব দোকান, মার্কেট ও শপিংমল প্রতিদিন রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটির দাবি, বর্তমান সময়ের সীমিত ব্যবসায়িক সময়ের কারণে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, যা সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।

সোমবার (৮ জুন) প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত দোকান, মার্কেট ও শপিংমলকে ঘিরে লাখো মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। তবে দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, ব্যাংক ঋণের কিস্তি এবং কর্মচারীদের বেতন-ভাতাসহ বিভিন্ন ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা চাপে রয়েছেন।

ব্যবসায়ী নেতারা জানান, অনেক ক্রেতা কর্মব্যস্ততার কারণে দিনের বেলায় কেনাকাটা করতে পারেন না। তারা বিকেল ও সন্ধ্যার পর বাজারমুখী হন। ফলে দোকান আগে বন্ধ হয়ে গেলে ব্যবসায়ীরা সম্ভাব্য বিক্রি থেকে বঞ্চিত হন এবং ব্যবসার পরিধি সংকুচিত হয়।

এ অবস্থায় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সাধারণ মানুষের কেনাকাটার সুবিধা নিশ্চিত করতে প্রতিদিন দুপুর ১২টা বা সরকারের নির্ধারিত সময় থেকে রাত ১০টা পর্যন্ত দোকান, শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটির দাবি, এ সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী ও কর্মচারীর জীবিকা সুরক্ষিত হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, সরকারের রাজস্ব আয় বাড়বে এবং ভোক্তারাও সুবিধাজনক সময়ে কেনাকাটার সুযোগ পাবেন।

 

শীর্ষনিউজ