Image description

ভারতে আটক থাকা ৯১ জন বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে দিয়েছে ভারতীয় কোস্ট গার্ড।

রোববার (৭ জুন) চারটি মাছ ধরার ট্রলারসহ জেলেদের গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে তাদের মোংলা সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

সোমবার (৮ জুন) দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জেলেদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেরত আসা জেলেদের বেশিরভাগই চট্টগ্রাম অঞ্চলের বাসিন্দা বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিভিন্ন সময়ে চারটি ট্রলারসহ এসব জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক উদ্যোগ এবং দুই দেশের কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে তাদের ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়।

সবশেষে সমঝোতার ভিত্তিতে ভারতীয় কর্তৃপক্ষ জেলেদের বাংলাদেশে হস্তান্তর করে। দেশে ফেরার পর আইনগত আনুষ্ঠানিকতা শেষ করে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

শীর্ষনিউজ