পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী ও উৎসাহিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনে পুলিশ সদস্যদের স্বীকৃতি দেওয়া হলে তাদের মনোবল আরও বৃদ্ধি পাবে।
আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী পুলিশ কতটা নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে দায়িত্ব পালন করছে, তা তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তাদের কাজের স্বীকৃতি দিলে তারা আরও উৎসাহিত হবে এবং ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, “আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্ট আপ করতে চাই, যাতে তারা আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারে।”
মন্ত্রী জানান, সাম্প্রতিক তিনটি আলোচিত ঘটনায় দায়িত্বশীল ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মধ্যে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও দ্রুত ব্যবস্থা গ্রহণে ভূমিকা রাখা কয়েকজন সদস্য, দৌলতদিয়ায় নৌ দুর্ঘটনায় যাত্রীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নৌ পুলিশের তিন সদস্য এবং মুন্সিগঞ্জের গণধর্ষণ মামলায় চার আসামিকে গ্রেপ্তারে জড়িত তিন পুলিশ সদস্যকে সম্মাননা দেওয়া হয়েছে।
সব মিলিয়ে ১৫ জন পুলিশ সদস্যকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা পুরস্কার তহবিল থেকে প্রত্যেককে ২০ হাজার টাকা এবং সম্মাননা সনদ প্রদান করেছি। এছাড়া কয়েকজনকে বিশেষ ব্যাচও দেওয়া হয়েছে।”
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
ঢাকাটাইমস