Image description

সম্প্রতি একাধিক অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, “মাইন পাতার জন্য বাংলাদেশে অনুপ্রবেশকারী বিএসএফ-এর এক গুপ্তচর'কে আটক করেছে সেনাবাহিনী।” ভিডিওতে লেখা রয়েছে “সীমান্তে মাইন পাতার সময় ভারতীয় গুপ্তচর আটক।”

দেখুন এখানে, এখানে

দ্য ডিসেন্ট এর যাচাইয়ে দেখা যায় ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে মুন্সিগঞ্জে ককটেল বিস্ফোরণ করার কারণে আটক করেছে সেনাবাহিনী।

ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে স্টার নিউজ এর ফেসবুক পেজে ১২ ফেব্রুয়ারি ২০২৬ এ “মুন্সিগঞ্জে ক'ক'টে'ল বি'স্ফো'র'ণ, ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী ” শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যার সাথে আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে সময়ের আলো ওয়েবসাইটে ১২ ফেব্রুয়ারি, ২০২৬ এ “ককটেল বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে ধরল সেনাবাহিনী” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, “মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মাকহাটি এলাকায় ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত পাঁচজনকে আলুর ক্ষেত থেকে ধাওয়া করে আটক করেছে সেনাবাহিনী। পরে একই এলাকার একটি বাড়ি থেকে ২০টি অবিস্ফোরিত ককটেল ও একটি একনালা বন্দুক উদ্ধার করা হয় বলে জানা গেছে।”

অর্থাৎ, সীমান্তে মাইন পাতার সময় ভারতীয় গুপ্তচর আটক দাবিতে প্রচারিত দাবিটি মিথ্যা।