Image description

নানামুখী ইতিবাচক খবরে দেশের শেয়াবাজারে নতুন প্রাণসঞ্চার হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে উৎসাহ দেখা দিচ্ছে। নিয়ন্ত্রক সংস্থার পুর্নগঠন, আগামী বাজেটে শেয়ারবাজার বান্ধব নীতিমালার ঘোষণার সম্ভাবনাসহ নানা উদ্যোগে ঘুরে দাঁড়াতে শুরু করেছে শেয়ারবাজার।

দীর্ঘদিন ধরেই নানামুখী চাপে ছিল দেশের শেয়ারবাজার। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি অর্থনৈতিক অস্থিতিশীলকার কারণে বিনিয়োগকারীরা আস্থার সঙ্কটে ভুগছিলেন। সর্বশেষ বৃহস্পতিবার শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠনে প্রজ্ঞাপন আসে।

বৃহস্পতিবার কমিশনের চেয়ারম্যান এবং চার জন কমিশনার পদত্যাগ করেন। একই সময়ে নতুন চেয়ারম্যান এবং কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থমন্ত্রণালয়। যার খবরে বাজারে ইতিবাচক প্রবণতা দেখা যায়।

নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবস আজ রবিবার দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া অধিকাংশ শেয়ার ও ইউনিটে দাম বাড়ার পাশাপাশি সবগুলো মূল্যসূচক বেড়েছে।

পাশাপাশি ঢাকার এই শেয়ারবাজারে প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, নতুন কমিশনের প্রথম কার্যদিবসের শুরুতেই ডিএসইর অধিকাংশ শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লেখায়। অবশ্য দিনের শুরুতে যতগুলো সিকিউরিটিজের দাম বেড়েছিল, লেনদেনের শেষ দিকে এসে তার মধ্যে কয়েকটিতে দরপতন হয়েছে। তা সত্ত্বেও দিনের লেনদেন শেষে বেশিরভাগ সিকিউরিটিজের দাম বাড়ার মধ্যে লেনদেন শেষ হয়।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বেড়েছে ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ১৬০টির এবং ৪৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪১ পয়েন্ট বেড়ে ৫৫১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৬ পয়েন্ট বেড়ে ১১১৬ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট বেড়ে ২০৮৭ পয়েন্টে উঠে এসেছে।

এদিকে আজ মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৫২৯ কোটি ৫ লাখ টাকা। আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) লেনদেন হয় ১ হাজার ৩৫১ কোটি ৫৯ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় আজ লেনদেন বেড়েছে ১৭৭ কোটি ৪৬ লাখ টাকা।

আজকের এই লেনদেন ২০২৪ সালের ১১ আগস্টের পর সর্বোচ্চ। ওইদিন ডিএসইতে ২ হাজার ১০ কোটি ৯ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়। সে হিসেবে আজকের লেনদেন প্রায় ১ বছর ১০ মাসের মধ্যে সর্বোচ্চ।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৩১ পয়েন্ট বেড়ে ১৫৩৯৯ পয়েন্টে উঠেছে। আর এক্সচেঞ্জটির প্রধান সূচক সিএসসিএক্স ৮৩ পয়েন্ট বেড়ে ৯৪৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ এই বাজারের লেনদেনে অংশ নেওয়া ২৪৩ প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮০টির এবং ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৫৭ কোটি ২৪ লাখ টাকা। আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) লেনদেন হয়েছিল ২৭ কোটি ৪৬ লাখ টাকা।

ডিএসইতে শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ক্রাউন সিমেন্ট পিএলসি। কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ১৭০ বারে কোম্পানিটির ১ লাখ ২০ হাজার ১ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৮ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ।

৪২৭ বারে কোম্পানিটির ১২ লাখ ৭১ হাজার ৭১৪ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯ কোটি ১১ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। ১ হাজার ৪৭ বারে কোম্পানিটির ১০ লাখ ৪ হাজার ৩০৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৬৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইপিডিসি ফাইন্যান্সের ৯.৮৪ শতাংশ, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ৯.৮৪ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৯.৭৯ শতাংশ, সিলকো ফার্মাসিউটিক্যালসের ৮.৮৫ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৮.৬৮ শতাংশ, রিল্যায়েন্স ইন্স্যুরেন্সের ৮.৬৫ শতাংশ এবং নাহি এ্যলোমিনিয়ামের ৮.১৬ শতাংশ দর বেড়েছে।

এদিকে শেয়ার দর পতনের শীর্ষে উঠে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯০ শতাংশ কমেছে। ৮২০ বারে কোম্পানিটির ৩ লাখ ৭ হাজার ৩৪৫ টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ২ কোটি ৫৭ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্স মিল্কের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৩ তাংশ কমেছে।

৮০০ বারে কোম্পানির ৪ লাখ ৮২ হাজার ৩৭৬ টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ২ কোটি ৬ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা সাফকো স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ২১ শতাংশ কমেছে। ৪৩০ বারে কোম্পানিটির ৩ লাখ ৮৯ হাজার ৯৫৫ টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ৮২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-এসকে ট্রিমসের ৮.২২ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৭.৯৫ শতাশ, আনলিমা ইয়ার্নের ৭.৮১ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৬.৭৯ শতাংশ, বিআইএফসির ৬.৩৮ শতাংশ, এইচ আর টেক্সটাইলের ৬.২৮ শতাংশ ও আরামিট সিমেন্টের ৫.৮৮ শতাংশ শেয়ার দর কমেছে।