Image description

২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, ‘পরীক্ষার তারিখ ৭ জানুয়ারি নির্ধারণ করায় আলোচনা-সমালোচনা আছে। স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। প্রয়োজন হলে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনায় বসে নতুন তারিখ নির্ধারণ হবে।’

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সভায় বসেন শিক্ষামন্ত্রী। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘আমরা স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করেই কাজ করছি। সবার মতামত নেওয়া হচ্ছে। এসএসসি পরীক্ষা নিয়ে পাবলিক ওপেনিয়ন নিতে ফের বসতে পারি। রোজার কারণে একমাস এগিয়ে আসছে পরীক্ষা।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা চেয়েছিলাম ফেব্রুয়ারির লাস্ট উইকে করতে। তবে ৭ তারিখে শেষ হবে রোজার জন্য। না হলে রোজার পরে চলে যায়। এখন সবাই বলছে রোজার পরে শেষ করতে। আলোচনার মধ্য দিয়েই সব ঠিক হবে। মানুষের মতামত কালিকুলাম ও সিলেবাস কাভার হতে হবে। উইথআউট সিলেবাস এক্সাম হতে পারে না।’

তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষা শুধু রোজার কারণে একমাস এগিয়ে আসছে। স্টেক হোল্ডাররা এতদিন মনে করেছেন রোজার আগে হোক। আমরা সিদ্ধান্ত নিয়ে রুটিনও করেছি।’ ফের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি।