Image description

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) কোচিং সেন্টারের সঙ্গে তুলনা করে দেওয়া প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের একটি বক্তব্য গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তার এই বক্তব্যে বিতর্কের মূল অংশ ছিল দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণার তুলনা। সমালোচনার মুখে শেষ পর্যন্ত নিজের বক্তব্য প্রত্যাহারও করে নিলেও বর্তমানে অনলাইন ও অফলাইনে পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় দ্বন্দ্ব চলমান রয়েছে।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, যেকোনো বিশ্ববিদ্যালয়ের মৌলিক উদ্দেশ্য— তথা, জনকল্যাণ ও সামাজিক অগ্রগতির জন্য জ্ঞান সৃষ্টি এবং বিতরণ— এর ক্ষেত্রে ‘পাবলিক’ ও ‘প্রাইভেট’ এর মধ্যে কোনো পার্থক্য নেই। পাবলিক ও প্রাইভেট শব্দগুলো মূলত একটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শাসন ও ব্যবস্থাপনা পদ্ধতিকে নির্দেশ করে।

তিনি বলেন, বহু বছর ধরে চলা সংকীর্ণ, অন্ধ-দলীয় এবং সহিংস রাজনীতির কারণে আমাদের জাতি ও সমাজ এমনিতেই গভীরভাবে বিভক্ত এবং সংঘাতময়। নির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যালয় বা বিশেষ ঘরনার প্রতিষ্ঠানকে লক্ষ্য করে দেওয়া এই ধরনের বিভেদমূলক ও অহংকারী মন্তব্য, দাবি এবং পাল্টা দাবিগুলো জাতি হিসেবে আমাদের আরও বেশি খণ্ডিত, বিভক্ত ও বিচ্ছিন্ন করে। 

‌‌‘‘আমরা সব বিশ্ববিদ্যালয়কে সম্মান করি— পাবলিক, নন-পাবলিক, কেন্দ্রীয়, স্থানীয় কিংবা আঞ্চলিক; এবং আমরা সকলের সাথে অংশীদারিত্ব গড়ে তুলতে চাই।
আমাদের শিক্ষা খাতের সামগ্রিক হতাশাজনক পরিস্থিতির মধ্যেও, সাম্প্রতিক সময়ে আমাদের পাবলিক ও প্রাইভেট উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তর্জাতিকভাবে প্রশংসিত যৌথ গবেষণার বেশ কিছু উৎসাহব্যঞ্জক উদাহরণ রয়েছে; এমনকি তুলনামূলকভাবে নতুন এবং স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত বেশ কিছু বিশ্ববিদ্যালয়েও সীমিতসংখ্যক কিন্তু অত্যন্ত গবেষণা-সক্রিয় শিক্ষক মণ্ডলী রয়েছেন।আমরা তাঁদের সবাইকে সম্মান করি এবং আমাদের কার্যকরী ও পেশাদার সম্পর্ক এবং নেটওয়ার্ক জোরদার করার প্রতিটি সুযোগ কাজে লাগাতে চাই।’’

ড. নিয়াজ আহমদ খান বলেন, আত্মতুষ্ট বা অহংকারী শোনানোর কোনো উদ্দেশ্য ছাড়াই, বাস্তবতার নিরিখে আমি বিনীতভাবে উল্লেখ করতে চাই যে, সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বৈশ্বিক র‍্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানের উন্নতির জন্য আমরা ক্রমাগত প্রচেষ্টা চালিয়েছি এবং কিছু ভালো ফলাফলও পেয়েছি— যদিও এখনও অনেক পথ বাকি।

ববি হাজ্জাজের মন্তব্য নিয়ে তিনি বলেন, যিনি এই মন্তব্যের সূত্রপাত করেছিলেন, তিনি ইতিমধ্যে তাঁর বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন এবং অন্য যারা ঢালাও প্রতিক্রিয়া জানিয়েছিলেন, তারাও তাঁদের ব্যাখ্যা দিয়েছেন; তাঁরা সবাই আমাদের কমিউনিটির সহকর্মী ও সদস্য। এবার সামনের দিকে তাকাই— আমাদের অনেক কাজ বাকি এবং পরস্পরের হাত ধরে রাখা জরুরি।