গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বললেন, আমাদের ব্যাংকে কোনো টাকা নেই। আওয়ামী লীগ প্রায় ছয় লাখ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে। কার টাকা? এগুলি আপনাদের টাকা।
আমরা দেশের একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। আমাদের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে সচল করার চেষ্টা করছেন, যোগ করেন মন্ত্রী।
আজ শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে বরুড়ার ঝলম স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মন্ত্রীর ভাষ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। মাত্র তিন মাস হয়েছে এ সরকারের আয়ু। এত অল্প সময়ে পৃথিবীতে কোনো সরকার এত বেশী জনপ্রিয়তা অর্জন করতে পারেনি, যা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে সম্ভব হয়েছে।
ক্যাম্পে দেশের বিভিন্নস্থান থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। চিকিৎসাসেবা নিতে নারী, পুরুষ ও শিশুদের ব্যাপক উপস্থিতি ছিল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম ও উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনিসহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে কে এম আবু তাহের ফাউন্ডেশনের আজীবন সদস্য মোয়াজ্জেম হোসেন কল্লোল বললেন, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ও অসচ্ছল মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ হাজর মানুষ সেবাগ্রহণ ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে, জানান তিনি।