তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিএনপি সব সময় সাংবাদিক-বান্ধব। সাংবাদিকতা পেশাটি মহান, সত্য প্রকাশে সাংবাদিকেরা কাজ করেন। তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি। আমি বিশ্বাস করি, এই দল অতীতের মতোই গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় বদ্ধপরিকর।ঈদুল আজহার দ্বিতীয় দিন শুক্রবার (২৯ মে) রাতে ময়মনসিংহের নান্দাইলে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতারা সাক্ষাৎ করেছেন। তিনি গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন। দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ এবং অসচ্ছল সাংবাদিকদের ভাতার ব্যবস্থা করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, সবসময় সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করতে হবে। মিথ্যা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। সাংবাদিকেরা সমাজের আয়না। তারা তাদের কর্মদক্ষতায় মাধ্যমে দেশের উন্নয়নে অংশীদার হবেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, খুব তাড়াতাড়ি সাংবাদিকদের বেতন স্কেল দেওয়ার জন্য সম্পাদক পরিষদের সঙ্গে বসে এ ব্যাপারে আলোচনার মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে। নান্দাইলের সাংবাদিকদের জন্য একটি আধুনিক ভবন নির্মাণ করে দেওয়া হবে।
অনুষ্ঠানে নান্দাইলে কর্মরত ৬০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। তাঁদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে মতামত নেন প্রতিমন্ত্রী। তিনি সাংবাদিকদের দাবিদাওয়া পূরণেরও আশ্বাস দেন।