সরজমিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে তিনি নিজেই গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন সড়কের পরিস্থিতি দেখতে বের হন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করে জানান, রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া ঠিকভাবে চলছে কিনা, তা দেখতেই প্রধানমন্ত্রী বের হয়েছেন। তিনি নিজেই গাড়ি ড্রাইভ করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন।
প্রধানমন্ত্রী তার গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে বের হয়ে গুলশান-১ নম্বর মোড় হয়ে হাতিরঝিল, রামপুরা রোড এবং মালিবাগের আবুল হোটেল এলাকা পরিদর্শন করেন। এরপর তিনি তালতলা মার্কেট হয়ে বাসাবো, কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড় এবং ধোলাইখাল এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ সড়ক দিয়ে নারিন্দা হয়ে রায়সাহেব বাজার মোড়, আদালত সড়ক, নয়াবাজার এবং বংশাল রোড দিয়ে গুলিস্তান ও শাহবাগ এলাকা অতিক্রম করেন। এরপর এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি থেকে কলাবাগান হয়ে মিরপুর রোড দিয়ে সীমান্ত স্কয়ার ও জিগাতলা বাসস্ট্যান্ড এলাকা পর্যবেক্ষণ করেন।
সবশেষে ধানমন্ডি সাত মসজিদ রোড, ২৭ নম্বর সড়ক, মানিক মিয়া এভিনিউ হয়ে পান্থপথ, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালী সড়কের পরিস্থিতি দেখেন তিনি।
উপ-প্রেস সচিব আরও জানান, পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী প্রতিটি ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে মেনে গাড়ি থামিয়েছেন এবং সাধারণ নিয়ম মেনেই সড়কে চলাচল করেছেন।